🔶বিষয়বস্তু:
"ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে"
ভালো বীজ যেমন একটি ভালো ফসলের সম্ভাবনা ঠিক তেমনি সচ্চরিত্র নাগরিক একটি আদর্শ জাতির সম্ভাবনা। আর সেই সচ্চরিত্র নাগরিকের মনন বিকাশ শুরু হয় মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশব ও কৈশরে। শিশুদের মজবুত আত্মিক গঠনই আমাদের স্বর্ণোজ্জ্বল জাতি গঠনের হাতিয়ার। তাই সুপরিকল্পিতভাবে মানবীয় গুণাবলির শিক্ষা অপরিহার্য। আর এই শিক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো পরিবার। পারিবারিক সঠিক পরিচর্যার দ্বারা কিভাবে একজন আদর্শ সন্তান নিশ্চিত করা যায় এই বিষয়েই বিস্তর আলোচনা করা হয়েছে জনপ্রিয় ব্লগার নজরুল ইসলাম টিপু রচিত 'গার্ডিয়ানশিপ' বইটিতে।
🔶সারসংক্ষেপ:
মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত বইটিতে আলোচিত হয়েছে যথাক্রমে মানুষ হওয়ার গুরুত্ব, শিক্ষার মূল উপাদান, সামাজিক শিশু গঠন, আদর্শ মানুষ তৈরি, অভিভাবকদের করণীয় ও বিশেষ দৃষ্টিপাতের (বন্ধু নির্বাচন, সঙ্গদোষ, যৌন শিক্ষার ধারণা, সফল গার্ডিয়ান) মত অতীব জরুরী বিষয়সমূহ।
একে একে তুলে ধরা হয়েছে শিশুর মাতৃগর্ভ থেকে কিভাবে জীবনের মৌলিক ধারাপাত শুরু হয়। কিভাবে মায়ের আচরণ থেকে শিশুর উপর প্রভাব পড়ে। কিভাবে পিতা-মাতাই হয়ে উঠতে পারেন শিশুর সর্বোত্তম বন্ধু ও শিক্ষক। জন্মের পর থেকে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদীসহ আত্মীয় স্বজনদের সংস্পর্শে কিভাবে তার শিক্ষার ভিত্তি গড়ে উঠে।
কোনো শিশুই মন্দ চরিত্র নিয়ে পৃথিবীতে আসে না। কিন্তু আমরা ও আমাদের সৃষ্ট পরিবেশ, নিজেদের বেখেয়ালি মনোভাব ও অসচেতনতার দরুণ শিশুদেরকে ঠেলে দিই অভিশপ্ত জীবনাচরণে। অতঃপর সারাজীবন সেই দুঃখ বয়ে বেড়াতে হয় আর সীমাহীন আফসোস করতে হয়। দিনশেষে সমাজ অসচ্চরিত্রবান সন্তানটির জন্য মা-বাবাকেই দোষারোপ করে আর আমাদের মা-বাবারা সন্তানকেই গালিগালাজ করে নিজেদের দায়মুক্তির পথ রচনার ব্যর্থ চেষ্টা করেন।
পরিবেশের প্রভাবে যেমন একটি শিশু অন্ধকার জীবনের পিঞ্জরে প্রবেশ করে তদ্রুপ একটু সহযোগিতার হাত বাড়ালেই আলোকের স্বর্ণদুয়ারেও পৌঁছতে পারে, যার কল্যাণ ভোগ করে ঘরের মা-বাবা থেকে শুরু করে গোটা পরিবার, সমাজ ও রাষ্ট্র। আর সেজন্য দরকার আমাদের সচেতনতামূলক হাত প্রসারণ। আমরাই ভবিষ্যতের সোনার মানুষ রচনা করতে পারি। শিশুমনকে পাঠ করতে পারলেই ভেতরের চোখ প্রজ্জ্বলিত হবে নতুন দিকের পসরা নিয়ে। তার জন্য মা-বাবা তো বটেই, পরিবারের বড়দের সবারই মৌলিক জ্ঞান থাকা জরুরী। এজন্যই বোধহয় নেপোলিয়ান বলেছিলেন 'তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দান করবো।'
বৈদেশিক সংস্কৃতির আগ্রাসন আর আমাদের মৌলিক সচেতনতার অভাবে ধীরে ধীরে মাদকসেবী, দুর্নীতিবাজ ও নৈতিকতাবিহীন সমাজের ভিত্তি যে মজবুতভাবে গেঁড়ে বসছে তা ক্রমবর্ধমান বৃদ্ধাশ্রম আর দৈনিক পত্রিকার পাতার দিকে তাকালেই সহজে আঁচ করা যায়। অতএব, আর দেরি করার সময় কোথায়? সময় তো প্রতিশোধপরায়ণ হয়ে আমাদের উপর গ্লানি ও কালিমা লেপন করছে।
শিশুর নৈতিক শিক্ষা, পরিশ্রমের দীক্ষা, নম্রতা ও ভদ্রতার শিক্ষা এবং তাঁর ভেতরের সত্ত্বাকে জাগিয়ে দিয়ে ভবিষ্যতের লক্ষ্যপথে তুলে দেওয়ার কলাকৌশল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছে জনাব নজরুল ইসলাম টিপু।
🔶কাদের জন্য এই বই?
ভাবছেন নব দম্পিতি কিংবা মায়েরা পড়লেই যথেষ্ট। কিন্তু না, এই ধারণা মোটেও সঠিক নয়। কেননা পরিবেশ যদি শিশুর ভিত্তি রচনা করে তাহলে আমরা প্রত্যেকেই পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। অতএব, 'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?'। ঘর, বাহির, স্কুল, মাঠ, হাট-বাজারসহ সর্বত্রই শিশুর পাঠশালা। কিন্তু মা-বাবা সর্বত্রই বিরাজ করেন না। অতএব আমরা বড়রা সবাই মিলে আগামীর উজ্জ্বল সমাজ গঠনের জন্য উপযুক্ত গার্ডিয়ানশিপ অর্জন করতে এই বইটি একটি পাথেয় হিসেবে গ্রহণ করতেই পারি।
🔶কতজ্ঞতা
একটি ভালো বই ১শ বন্ধুর চেয়েও উত্তম। মাদকতা, ধর্ষণ, গুম-খুন, লুটপাট ও পিতা-মাতার প্রতি অবাধ্যতার মত ভয়ানক অপরাধগুলো যখন আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে তখন শিশুদের শারীরিক যত্নের উপর বই রচনা করে দায় সারছেন কত লেখক। আর এই মুহূর্তে শিশুর মনন বিকাশের নিমিত্তে রচিত এই বইটি এক যুগান্তকারী উদ্যোগ। এজন্য লেখক-প্রকাশকসহ গ্রন্থটির সাথে জড়িত প্রত্যেকের কাছেই অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি সর্বসাধারণ পাঠকের হাতে ছড়িয়ে পড়ুক আর এর মূল শিক্ষা গেঁথে যাক আমাদের অন্তরে অন্তরে....
💠💠💠
বই: গার্ডিয়ানশিপ
লেখক: নজরুল ইসলাম টিপু
প্রচ্ছদ: হাশেম আলী
ফিক্সড প্রাইস: ২৫০ টাকা
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন

0 Comments