আধিপত্য, নিপীড়ন ও দখলের পরম্পরায় ফরাসি উপনিবেশ একসময় হাত বাড়িয়েছিল আলজেরীয় নারীদের ব্যক্তিত্ব আর সম্ভ্রমের দিকেও।
আলজেরীয় মুসলিম নারীদের আত্মপরিচয়ের প্রতীক হিজাবকে তারা ধর্মীয় পশ্চাৎপদতার চিহ্ন আখ্যা দিয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতো ডিক্রিবলে হরণ করতে চেয়েছিল তাদের পোশাকের স্বাধীনতা। আলজেরীয় নারীদের প্রতি ফরাসিদের এই জবরদস্তির উদ্দেশ্য ছিল প্রভুত্বের শক্তিমত্তা প্রদর্শন এবং সেইসাথে নারীমুক্তির আড়ালে মুসলিম অত্মপরিচয় গায়েব করে দেওয়া। কিন্তু অচিরেই মুসলিম নারীদের ওপর করা এই জুলুমের ঢেউ গিয়ে আছড়ে পড়ে আলজেরিয়ার আজাদি সংগ্রামের ওপর ধীরে ধীরে মুসলিম নারীদের আত্মপরিচয়ের প্রতীক হিজাব হয়ে ওঠে ফরাসি উপনিবেশের বিরুদ্ধে বৃহত্তর আলজেরীয় গণমানুষের মুক্তিসংগ্রামের অপরাজেয় নিশান।
এমনই এক রাজনৈতিক সন্ধিক্ষণে পরাধীন আলজেরিয়ার বুকে দ্রোহ ও মুক্তির তত্ত্ব নিয়ে হাজির হয়েছিলেন মার্ক্সিস্ট বুদ্ধিজীবী ফ্রানজ ফাঁনো। অনবদ্য গদ্যে তিনি দেখিয়েছিলেন–আলজেরিয়ার প্রেক্ষিতে হিজাব কেবল এক টুকরো মুখ ঢাকার কাপড় নয়; বরং প্রতিরোধ-প্রতিবাদের বিপ্লবী হাতিয়ার। সাম্রাজ্যবাদী শক্তি ভেবেছিল–হিজাব নারীদের অবগুণ্ঠনের আড়ালে দমিয়ে রাখে; ফলে তারা পরনির্ভরশীল, বিদ্রোহ বা লড়াইয়ের অনুপযুক্ত। অথচ ইতিহাস সাক্ষী, এই হিজাবই গোটা আলজেরিয়ার মুসলিম সংস্কৃতিকে মুক্তির পথ দেখিয়েছে। পশ্চিমা নারীমুক্তির বানোয়াট তত্ত্বকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে এই নেকাব পরিহিত নারীরাই লিখেছে আলজেরিয়ার নতুন ইতিহাস। নিছক নিরীহ মুসলিম নারী নয়, হিজাবের অন্তরালে তারা প্রত্যেকেই হয়ে উঠেছিল এক একজন মুক্তিকামী গেরিলা।
মার্ক্সবাদী ফাঁনো হিজাবকে দেখেছেন মুসলিম আত্মপরিচয়ের দলিল ও বিদ্রোহের লড়াকু অস্ত্র হিসেবে। আমাদের দেশের মার্ক্সবাদী ও প্রগতিশীল অংশের কোনোদিন সেই দেখার দৃষ্টি ছিল না, আজও নেই। তারা স্বাধীন-সার্বভৌম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অবলীলায় হিজাবকে নিষিদ্ধ করে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর জীবনবোধ ও সংস্কৃতির টুঁটি চেপে ধরে উপনিবেশিক প্রভুর মতো।
দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আশা-আকাক্সক্ষা, জীবনাচার ও মূল্যবোধের প্রতিফলন নয়, তাদের চিন্তা ও তৎপরতায় অহর্নিশ জুড়ে থাকে পশ্চিম থেকে চুয়ে আসা জনবিচ্ছিন্ন ভারিক্কি তত্ত্ববাজি। ফ্রানজ ফাঁনো, হিজাব ও ঔপনিবেশিকতা বইটি বাংলার তথাকথিত সেই প্রগতিশীলদের একচোখা দৃষ্টিতে একরাশ ছাই, তাদের সাধের সাজানো সংসারে এক অনাহূত ঝঞ্ঝা!

0 Comments