Ad Code

Ticker

8/recent/ticker-posts

বই: ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা

 বাংলাদেশের তথাকথিত প্রগতিশীলতার ধারক-বাহকরা এতদিন ধরে কলকাতা কেন্দ্রিক আধুনিকতা ও প্রগতিশীলতার যে বয়ান আমাদের উপর চাপিয়ে দিয়েছিলো তার বিপরীতে আমাদের নিজস্ব বয়ান তৈরির ক্ষেত্রে একটা ব্যাপক শূন্যতা পরিলক্ষিত হয়েছিলো। তবে ইদানীংকালে বেশ কয়েকজন এই শূন্যতা পূরণে এগিয়ে এসেছেন। লেখক ফাহমিদ-উর-রহমান তাদের মধ্যে অন্যতম। তিনি ইতিমধ্যেই তার লেখনীর মাধ্যমে সেটার প্রমাণ রেখেছেন।

বই: ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা


সে ধারাবাহিকতায় গত ১৫ জুন, ২০২৩ তারিখে "ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা" নামক ফাহমিদ-উর-রহমানের একটা নতুন বই এসেছে। মাত্র ৪৮ পৃষ্ঠার ছোট্ট একটা বই। তবে ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ বইটি। "ছোট মরিচের ঝাল বেশি" প্রবাদটি এই ছোট্ট বইটির জন্য বেশ মানানসই হবে।
এই বইয়ে Decolonization বা বি-উপনিবেশায়ন তত্ত্বের একজন মশহুর পথিকৃৎ ফ্রানজ ফানোঁর বিখ্যাত বই "A Dying Colonialism" এর 'Algeria Unveiled' শীর্ষক অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। এ অধ্যায়ে ফ্রানজ ফানোঁ আলজেরীয় নারীর প্রতি ফরাসি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির দারুণ এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেও যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা যায়, ফ্রানজ ফানোঁ সেটা ভালোভাবে দেখিয়ে দিয়েছেন। আলজেরিয়ায় ফরাসি উপনিবেশিক শক্তি আলজেরীয় নারীদের পদানত করতে নারীদের হিজাবকে টার্গেট করে। মজার ব্যাপার হলো এই হিজাবই পরবর্তীতে ফরাসি উপনিবেশবাদীদের বিরুদ্ধে সংগ্রামে আলজেরিয়ানদের আজাদীর প্রতীকে পরিনত হয়।
লেখক বইটিতে এই উপমহাদেশের উপনিবেশবাদ নিয়েও আলোচনা করেছেন। লেখকের মতে আলজেরিয়ানরা শুধুমাত্র একটা উপনিবেশের শিকার হয়েছে। সেটা হলো ইউরোপীয় উপনিবেশ। আর বাঙালি মুসলমানরা দ্বৈত উপনিবেশের শিকার হয়েছেন। এর একটা হলো বিলাতের উপনিবেশ, আরেকটা হলো ইংরেজদের লোকাল এজেন্ট জমিদারদের উপনিবেশ। সেই দ্বৈত উপনিবেশের শিকার হয়ে বাঙালি মুসলমানরা একটা হীনমন্যতার চক্করে আটকে পড়েছে। এই হীনমন্যতার কারণেই পশ্চিমা সংস্কৃতি ও কলকাতা কেন্দ্রিক সংস্কৃতির প্রতি আমাদের একশ্রেণির মানুষের মুগ্ধতা পরিলক্ষিত হয়। যা রীতিমতো অসুস্থতার পর্যায়ে চলে গেছে।
লেখকের মতে এই অবস্থা থেকে মুক্তির লাভের জন্য দরকার ঢাকাকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ সংস্কৃতির বিকাশ এবং ঢাকাকেন্দ্রিক বাঙালিত্বের নতুন সংজ্ঞা নির্ধারণ। এই সংস্কৃতির কেন্দ্রে থাকবে বাঙালি মুসলমানের ধর্ম ইসলাম ও তার ইতিহাস। এটি তার মূল পরিচয় এবং এটি তাকে স্বাতন্ত্র্যতা দিয়েছে। কেবলমাত্র এ পথেই বাঙালি মুসলমান হীনমন্যতার অচলায়তন ভেঙে এগিয়ে যেতে পারবে বলে লেখক মনে করে।
বই: ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা
লেখক: ফাহমিদ-উর-রহমান
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকাল: ১৫ জুন, ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ৪৮ পৃষ্ঠা
নির্ধারিত মূল্য: ৯০ টাকা

Post a Comment

0 Comments

Ad Code